দৌলতপুরে শুরু হলো তিন দিনের ভূমি মেলা
দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আব্দুল হাই সিদ্দিকী।
মেলার প্রথম দিনে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস চত্বরে ফিরে আসে। এরপর সকাল ১১টায় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টা থেকে সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন সেবা প্রদান শুরু হয়।
মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাৎক্ষণিকভাবে ভূমি সংক্রান্ত সেবা দেওয়া হচ্ছে। সেবার মধ্যে রয়েছে ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শনী, লিফলেট, স্টিকার ও বই বিতরণ, পরিদর্শনকারীদের মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানি।
এছাড়াও মেলায় ভূমি পোর্টালে (খধহফ.মড়া.নফ) রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ সব ধরনের ফি গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ১৬১২২ হটলাইন সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।
মেলায় স্থাপিত স্টলগুলোতে ইউনিয়ন ভূমি অফিসে গঠিত ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষকে সরাসরি সেবা দেওয়া হচ্ছে। ভূমি সম্পর্কিত ভীতি দূর করে প্রাপ্য সেবা পাওয়ার সক্ষমতা তৈরির লক্ষ্যে ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বুকলেটও বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড করতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।
এসময় এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা তোফিকুল ইসলাম, মৎস কর্মকর্তা হোসেন আহমেদ, থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক হাবলু মোল্লা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ উদ্দিন সহ সরকারি দপ্তরের কর্মচারি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দরা উপস্তিত ছিলেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































